
জুলাই শহীদদের স্মরণ, আবু সাঈদ ও ওসমান হাদীসহ জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় ১১ দলীয় জোটের সমর্থন ও আয়োজনে নওয়াপাড়া পীরবাড়ি প্রাঙ্গণ থেকে “শহীদদের স্মরণে র্যালি” বের করা হয়। এর আগে পীরবাড়ি প্রাঙ্গণে অবস্থিত আনিস ট্রেড ভ্যালিতে র্যালিপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা শাখার আমীর সরদার মো. শরিফ হোসেন। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মহিউল ইসলাম। সভাপতির বক্তব্যে সরদার মো. শরিফ হোসেন জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার আলোকে রাষ্ট্র পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় বক্তব্য দেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভয়নগর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী শাহজাহান কবীর, উপজেলা যুব জামায়াতের সভাপতি মাসুদ রানা এবং নওয়াপাড়া পৌর জামায়াতের আমীর মাওলানা আলতাফ হোসাইন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক ও সহকারী সেক্রেটারি হাফেজ আব্দুল করিম, সহকারী সেক্রেটারি মাওলানা জহুরুল ইসলামসহ জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে দুই সারিতে বিভক্ত হয়ে একটি সুশৃঙ্খল র্যালি পীরবাড়ি প্রাঙ্গণ থেকে বের হয়ে নওয়াপাড়া স্টেশন বাজারে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত স্লোগান দেন, যার ফলে নওয়াপাড়ার প্রধান সড়ক কিছু সময়ের জন্য মুখরিত হয়ে ওঠে।