November 4, 2026, 7:47 am
শিরোনাম :
শিল্পাঞ্চলে শ্রমিকদের নিরাপত্তায় ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন সুখ তুমি কী, বড় জানতে ইচ্ছে করে… দপ্তর হারালেন প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলা সচিব ২১ বছর পর খানজাহান আলীর মাজারে আসছেন তারেক রহমান ৫ বছরের মধ্যে ১৫০ গ্যাসকূপ খননের পরিকল্পনা, বাস্তবায়ন হবে যেভাবে অভয়নগরে ৮ ঘণ্টার ব্যবধানে সড়কে ঝরল ৩ প্রাণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী ওয়াইল্ড কার্ডে এসে বিগ বসের ঘরে আলোচনায় রাজবীর দে, কে এই সেনসেশন ৯ বছর পদোন্নতি বঞ্চিত বিসিএস শিক্ষা ক্যাডার প্রভাষকেরা, প্রধানন্ত্রীর হস্তক্ষেপ কামনা তৈরি পোশাকশিল্প মজুরি বোর্ডের প্রথম সভা আজ

অভয়নগরে ৮ ঘণ্টার ব্যবধানে সড়কে ঝরল ৩ প্রাণ

স্টাফ রিপোর্টার

যশোরের অভয়নগরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মাত্র আট ঘণ্টার ব্যবধানে প্রাণ হারিয়েছেন তিনজন। মঙ্গলবার গভীর রাতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক তরুণ নিহত হন। এর আট ঘণ্টা পর বুধবার সকালে নওয়াপাড়া ভৈরব সেতু এলাকায় পরিবহনের ধাক্কায় প্রাণ যায় ভ্যানের দুই যাত্রীর। এসব দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। পরপর এ প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নওয়াপাড়া ভৈরব সেতুসংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রামের মঈন বিশ্বাসের ছেলে আব্দুস সমাদ বিশ্বাস (৫০) ও একই গ্রামের হায়দার আলীর ছেলে আব্দুল ওহাব (৫৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভ্যানে করে যাওয়ার সময় ভৈরব সেতুসংলগ্ন এলাকায় একটি পরিবহন ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানের দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের প্রেমবাগ উড়োতলা এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ আল আপন (২১) নামে এক তরুণ নিহত হন। এ ঘটনায় হোসেন আলী (৩০) নামে আরও একজন গুরুতর আহত হন। তাঁকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আব্দুল্লাহ আল আপন অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের ওবায়দুর রহমানের ছেলে।
নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে প্রতিবেশী হোসেন আলীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন আপন। রাত ১২টার দিকে প্রেমবাগ উড়োতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দুজনকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল আপনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হোসেন আলীকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।
মাত্র আট ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি দুর্ঘটনায় তিনজনের প্রাণহানির ঘটনায় অভয়নগরের সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে যশোর-খুলনা মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।