
যশোরের অভয়নগর উপজেলায় যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া নূরবাগ মোড়ে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম উসমান ফকির (৭৫)। তিনি উপজেলার নওয়াপাড়া পৌরসভার ধোপাদী গ্রামের বাসিন্দা এবং ছয় ছেলে ও এক মেয়ের জনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও নওয়াপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, বৃদ্ধ উসমান ফকির শনিবার দুপুরে নওয়াপাড়া বাজারে ব্যক্তিগত কাজ শেষে পায়ে হেঁটে নূরবাগ মোড় অতিক্রম করছিলেন। এ সময় খুলনাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো উ ১১-৮৪০৮) তাঁকে ধাক্কা দিলে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের মরদেহ হাসপাতালে রাখা ছিল।
ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাক ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ ট্রাকটি জব্দ করে চালককে হেফাজতে নিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর আহম্মেদ বলেন, ট্রাক ও চালক আটক রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে স্থানীয় বিক্ষুব্ধ জনতা এই দুর্ঘটনার জন্য স্থানীয় প্রশাসন ও হাইওয়ে পুলিশের গাফিলতিকে দায়ী করেছেন। তাদের অভিযোগ, নূরবাগ মোড়ে মহাসড়কের দুই পাশে মাসোহারার বিনিময়ে ইজিবাইক স্ট্যান্ডের অনুমতি দেওয়া এবং সড়কের ওপর ভ্রাম্যমাণ দোকানপাট বসানোর কারণে সৃষ্ট বিশৃঙ্খলায় পথচারীদের হাঁটার কোনো জায়গা অবশিষ্ট নেই। ফলে সড়কের মাঝ দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।