
যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নে নাশকতার মামলায় আটক এক মৎস্যজীবী লীগ নেতাকে থানায় নিয়ে আসার পথে পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম ওরফে রেজা মোল্যা, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াছিন গাজী এবং ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী আসাদুলের নেতৃত্বে এ হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে অভয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হান জানান, সুনির্দিষ্ট নাশকতার পরিকল্পনার তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশের একটি টিম প্রেমবাগ এলাকায় অভিযান চালায়। এ সময় উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমানকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত হাফিজুরকে থানায় নিয়ে আসার পথে ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম ওরফে রেজা মোল্যা, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াছিন গাজী এবং ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী আসাদুলসহ তাদের সহযোগীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়।
এসআই রায়হান বলেন, আমরা আসামীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার সময় তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় এবং আসামীকে ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার পর অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান অতিরিক্ত পুলিশ বল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, এসআই রায়হানের টিমের ওপর হামলা চালিয়ে আসামী ছিনতাইয়ের খবর পেয়ে আমি দ্রুত পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে যাই।
ওসি মো. নুরুজ্জামান আরও বলেন, সরকারি কাজে বাধা প্রদান, পুলিশের ওপর হামলা এবং আসামী ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ছিনিয়ে নেওয়া আসামী হাফিজুরকে পুনরায় গ্রেফতার এবং হামলার সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।