
যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের জলাবদ্ধতায় পানিবন্দি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে রাতেই খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু।
যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের জলাবদ্ধতায় পানিবন্দি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে রাতের আঁধারে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু।
শুক্রবার রাত ৯টা থেকে উপজেলার চেঙ্গুটিয়া, উড়োতলা ও মহাজেরপাড়া গ্রামের দুই শতাধিক পানিবন্দি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। দীর্ঘ প্রায় দুই মাস ধরে জলাবদ্ধতায় তিন শতাধিক পরিবার মানবেতর জীবনযাপন করছে। এতে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।
খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন প্রেমবাগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দীন খোকন, ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম রেজা, বসুন্ধরা শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠ প্রতিনিধি এস জেড মাসুদ তাজসহ স্থানীয় ব্যক্তিরা।
স্থানীয়দের অভিযোগ, যশোর রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) নির্মাণের কারণে পানি নিষ্কাশনের পথ সংকুচিত হওয়া, টানা বৃষ্টিপাত এবং শিল্পপ্রতিষ্ঠানের পানি যুক্ত হওয়ায় এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
পানিবন্দি বাসিন্দারা জানান, দুই মাস ধরে ঘরবাড়ি ও রাস্তাঘাট হাঁটুসমান পানিতে তলিয়ে থাকায় তারা কর্মস্থলে যেতে পারছেন না। এতে পরিবারে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। তারা বলেন, দীর্ঘ সময় পর এই প্রথম সরকারি খাদ্য সহায়তা পেয়েছেন।
ইউএনও শেখ সালাউদ্দীন দিপু জানান, উপজেলা প্রশাসন ও নওয়াপাড়া পৌরসভার উদ্যোগে প্রতিটি পরিবারের জন্য ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি মসুর ডাল, আধা কেজি ভোজ্যতেল, এক প্যাকেট বিস্কুট এবং এক প্যাকেট মশার কয়েল বিতরণ করা হয়েছে। পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসন ও ইপিজেড কর্তৃপক্ষ যৌথভাবে কাজ শুরু করেছে বলেও তিনি জানান।