যশোরের অভয়নগরে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ একটি পিকআপ জব্দ করেছে অভয়নগর থানা পুলিশ। এ সময় মাদক কারবারির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়। এর আগে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় তাদের সন্দেহজনক গতিবিধি দেখে স্থানীয় জনতা তাদের ধরে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আটককৃতরা হলেন তালতলা এলাকার মাহমুদ মোল্যার ছেলে শারাফাত মোল্যা এবং নাউলী এলাকার মনির আজুঞ্জির ছেলে তারিকুল শেখ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জনবহুল নওয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় একটি পিকআপ নিয়ে ঘোরাঘুরি করছিলেন ওই দুইজন। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাদের আটক করে। এ সময় বিক্ষুব্ধ জনতা তাদের গণধোলাই দিলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং পিকআপ তল্লাশি করে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, স্থানীয় লোকজন দুই মাদক কারবারিকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে পিকআপ ও গাঁজাসহ তাদের হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক সম্পাদক: মফিজুর রহমান দপ্তরী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ফিরোজ ম্যানসন (২য় তলা)
নওয়াপাড়া, অভয়নগর, যশোর।
www.noaparanews24.com