
যশোরের অভয়নগরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির দায়ে চারজনকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩ এপ্রিল) ও শনিবার (৪ এপ্রিল) উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বিভিন্ন স্থানে পৃথক অভিযানে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে প্রেমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কৃষিজমি থেকে প্রকাশ্যে মাটি কাটার অভিযোগে প্রেমবাগ গ্রামের শাহীন আলম, পালপাড়া গ্রামের ওসমান মোল্যা এবং চুয়াডাঙ্গার জীবননগরের রিফাতকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে, শুক্রবার সকালে একই ইউনিয়নের বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে একই অপরাধে মশিয়ার রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী পৃথক দুই মামলায় এসব জরিমানা করা হয়েছে। তিনি বলেন, কৃষিজমির মাটি অবৈধভাবে কাটা ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।